মারুগঞ্জ এলাকার ঘরঘড়িয়া নদী থেকে রক্তাক্ত মৃত দেহ উদ্ধার
দি নিউজ লায়ন ; কোচবিহারের তুফানগঞ্জ এক ব্লকের মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ মড়াডাঙ্গার বোয়া পাড়া এলাকায় ঘরঘড়িয়া নদী থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নদীর পাড় ধরে শুক্রবার সকালে চাষের কাজ করতে যাচ্ছিলেন কয়েকজন। তখনই তারা দেখেন নদীতে এক ব্যক্তির রক্তাক্ত দেহ ভাসছে। তাদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন।
পুলিশে খবর দেয়া হয়। পরে তুফানগঞ্জ থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহের প্যান্টের পকেট থেকে উদ্ধার করা হয়েছে দুটি এটিএম কার্ড ও একটি এন্ড্রয়েড মোবাইল। মোবাইল ফোনটি অবশ্য ভাঙা অবস্থায় ছিল। এছাড়া নগদ চারশো টাকা পাওয়া গিয়েছে। এটিএম কার্ডে অমিত পন্ডিত নামের একজনের নাম রয়েছে। মৃত ব্যক্তি অমিত পন্ডিত কিনা তা খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে কিভাবে মৃত্যু তা পরিষ্কার হবে। যেহেতু দেহটি রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়েছে তাই খুনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। আপাতত মৃত ব্যক্তির পরিচয় সম্বন্ধে নিশ্চিত হতে চাইজেন পুলিশ আধিকারিকরা।

Post a Comment